নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দীর্ঘ ১৩ ঘণ্টা ধরে টর্চলাইটের আলোয় চলছে রোগীদের চিকিৎসাসেবা। শনিবার দুপুর ১২টায় ট্রান্সফরমার বিকল হওয়ার পর থেকে হাসপাতালটি বিদ্যুৎহীন হয়ে পড়ে, যা রাত পর্যন্ত অব্যাহত ছিল। এই বিদ্যুৎ বিভ্রাটের ফলে জরুরি বিভাগসহ পুরো হাসপাতালের চিকিৎসাকার্যক্রম ব্যাহত হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দিনভর বিদ্যুৎ না থাকায় চিকিৎসকদের চরম বেগ পেতে হচ্ছে। সন্ধ্যার পর পরিস্থিতির অবনতি হলে আনসার সদস্যদের টর্চলাইট এবং চিকিৎসকদের মোবাইল ফোনের আলোর সহায়তায় নার্সরা ইনজেকশন, স্যালাইন ও ওষুধ প্রদান করেছেন। অনলাইন টিকিট সেবাও বন্ধ ছিল। জরুরি এই প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতালের জেনারেটর চালু করা হলেও জ্বালানি তেল সংকটের কারণে তা বেশিক্ষণ সচল থাকেনি। তীব্র গরমে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। শ্বাসকষ্টের রোগীদের সময়মতো নেবুলাইজার বা গ্যাস দেওয়াও সম্ভব হয়নি।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, রোগীদের কষ্টের বিষয়টি বিবেচনায় রেখে মাঝেমধ্যে জেনারেটর চালিয়ে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান জানান, ট্রান্সফরমার মেরামতের কাজ চলছে। তবে সমস্যাটি জটিল হওয়ায় রবিবার সকাল ৯টার আগে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নাও হতে পারে। তিনি রোগীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন।