ঢাকাTuesday , 15 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মিরপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত পোশাক বিক্রয়কর্মী সজীবের মৃত্যু


September 15, 2026 6:45 am
Link Copied!

বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত সজীব (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন। মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হামলার শিকার হওয়ার পর ছয় দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ জয় ও জুয়েল নামে দুজনকে আটক করেছে।

নিহত সজীবের পরিবারের ভাষ্যমতে, গত বুধবার ভোরে মিরপুরের কাইল্লার বস্তির মোড় এলাকায় ৩-৪ জন ব্যক্তি তাকে ঘিরে ফেলে। এ সময় তারা সজীবের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সজীব তাদের হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করলে হামলাকারীরা তার পিঠে ছুরিকাঘাত করে।

আহত অবস্থায় সজীব নিজেই বাসার কাছে ফিরে আসেন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাসায় নেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওইদিন সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম স্বাধীন জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত অভিযোগে জয়কে ঘটনার দিন এবং সোমবার সকালে জুয়েলকে আটক করা হয়েছে। সজীব মিরপুর-১০ নম্বর সেকশনের ৫ নম্বর ওয়াবদা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এবং স্থানীয় একটি পোশাক বিক্রির দোকানে কাজ করতেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।