রংপুর নগরীর বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজি ও কাঁচামরিচের দাম বেড়েছে। বাজারে কাঁচামরিচ ৭০-৮০ টাকা থেকে লাফিয়ে ১৩০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতাদের মতে, বাজারে সবজির সরবরাহ কম থাকায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে।
বাজার ঘুরে দেখা যায়, ঝিঙ্গা, সজনে ডাঁটা, চিচিঙ্গা, শসা, পটল, ঢেঁড়স, করলা ও শিমের দাম বেড়েছে। এর মধ্যে শিম ১৮০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে টমেটো, পেঁপে, লাউ ও কচুরমুখীর দাম কিছুটা কমেছে। আলুর বাজারেও স্বস্তি মিলেছে; কার্ডিনাল ও দেশি সাদা আলুসহ বিভিন্ন জাতের আলুর দাম কেজিপ্রতি কমে ২৮-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, নিত্যপণ্যের বাজারে আটা ও ময়দার দাম বেড়েছে। প্যাকেটজাত আটা ৬০-৬৫ টাকা এবং খোলা আটা ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মুগ ডাল ও ছোলার ডালের দামও কিছুটা বেড়েছে। তবে চালের বাজারে স্বর্ণা ও বিআর২৮ জাতের চালের দাম আগের চেয়ে কিছুটা কমেছে। পেঁয়াজ, ডিম, মাছ ও মাংসের দাম স্থিতিশীল রয়েছে।
মুদি দোকানি হারুন মিয়ার ভাষ্যমতে, পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। কোম্পানিগুলো দাম বাড়ানোর ফলে তারা বাড়তি দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বাজারে ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা এবং গরুর মাংস ৭২০-৭৫০ টাকা কেজি দরে অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে।