ঢাকাSaturday , 22 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সালমান শাহ হত্যা মামলা: ডিপজল ও ডলি জহুরকে জিজ্ঞাসাবাদের দাবি নীলা চৌধুরীর


August 22, 2026 8:45 am
Link Copied!

বাংলাদেশের ঢাকার চলচ্চিত্র অঙ্গনে আলোচিত প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলাকে ঘিরে আবারও সরব হয়েছেন তার মা নীলা চৌধুরী। ছেলের হত্যার বিচার দাবি করে তিনি খল অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। মামলার স্বচ্ছ তদন্তের স্বার্থে এদের সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

গত ১০ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ওরফে ডন হককে আটকের পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ডন হককে ধরিয়ে দিতে ডিপজল সহযোগিতা করেছেন বলে যে গুঞ্জন রয়েছে, তার প্রেক্ষিতে নীলা চৌধুরী বলেন, ডিপজলকে সাক্ষী হিসেবে ডাকা প্রয়োজন। তিনি মনে করেন, ডিপজল চলচ্চিত্র জগতের মানুষ হিসেবে অনেক কিছু জানেন এবং সেই সূত্রেই তিনি ডনের দেশ ছাড়ার বিষয়ে অবগত ছিলেন।

এ বিষয়ে নীলা চৌধুরী বলেন, ইমনকে যখন হত্যা করা হয়, তখন ডিপজলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই নিয়মিত কাজ করছিলেন। তাদের কাছে সালমানের জীবনের অনেক ঘটনার তথ্য থাকতে পারে। তিনি মনে করেন, মামলাটির সুষ্ঠু তদন্তে ডিপজলকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা জরুরি। ডনকে ধরিয়ে দেওয়ার জন্য ডিপজলকে ধন্যবাদও জানান তিনি।

একই সঙ্গে মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরকে জিজ্ঞাসাবাদের দাবি তুলে নীলা চৌধুরী বলেন, সালমান শাহ হত্যার দিন কী ঘটেছিল, তা নিয়ে ডলি জহুর অবগত ছিলেন এবং তিনি অতীতে বিভিন্ন সময়ে গণমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন। নীলার দাবি, সামিরার সঙ্গে ডলি জহুরের কতটা যোগাযোগ ছিল, তা বের করা প্রয়োজন। এছাড়া বাদল খন্দকারসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে তাদেরও আসামি করা উচিত।

সালমান শাহ হত্যা মামলার আসামি হয়েও ডন হকের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নীলা চৌধুরী। তিনি বলেন, একজন হত্যা মামলার আসামিকে এফডিসিতে বরণ করে নেওয়াটা দুঃখজনক। এসময় শিল্পী সমিতির সভাপতি শিবা শানুর সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ডন হককে কারা প্রশ্রয় দিচ্ছে।

নীলা চৌধুরী আরও জানান, ডন হকের গ্রেপ্তারের পর থেকে তার ভাই কুমকুম এবং সালমান শাহর ভক্তদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এসব হুমকি দিয়ে বিচার প্রক্রিয়া থামানো যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, সালমান শাহ হত্যার প্রায় ২৯ বছর পর গত বছর মামলাটি পুনরুজ্জীবিত হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে সম্প্রতি সালমান শাহ ভক্ত ঐক্যজোট ঢাকায় মানববন্ধনও করেছে।