বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরে কৃষকদলের এক নেতার কার্যালয়ে দুই রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুলির আতঙ্কে অসুস্থ হয়ে পড়া জজ মিয়া নামের ওই নেতাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি এবং ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
শনিবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আরএকে সিরামিক কারখানার সামনে জজ মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী জজ মিয়া জানান, রাতে কার্যালয়ে অবস্থান করার সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি লেজার লাইট দিয়ে তাকে লক্ষ্যস্থির করে। এরপর পর্যায়ক্রমে দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, গুলি ছোড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।