বাংলাদেশের ঢাকার উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী নিজের শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে গ্রেফতার বাবা কবির ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল বৃহস্পতিবার ঢাকার আদালতে এই আবেদন করেন। অভিযুক্তের উপস্থিতিতে শুনানির জন্য আগামী ২৬ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১৫ জুলাই সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে কবির ইসলাম তার সাত মাস বয়সী মেয়ে রাফা মনি কবিতাকে আছাড় মারেন। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ১৬ জুলাই শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা কবির ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। ১৭ জুলাই শিশুর নানি সারমীন আক্তার বাদী হয়ে তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, পেশায় রিকশাচালক কবির দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন স্ত্রী লিমা আক্তার অসুস্থ বাবাকে দেখতে উত্তরার বালুরমাঠ এলাকার বস্তিতে গেলে সেখানে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির তার শিশুকন্যাকে নানির কোল থেকে কেড়ে নিয়ে আছাড় মারেন।
তদন্তের স্বার্থে ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটন এবং আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পুলিশ রিমান্ডের আবেদন করেছে। বর্তমানে আসামি কবির ইসলাম কারাগারে রয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর এ মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ রয়েছে।