ঢাকাWednesday , 29 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

চট্টগ্রামের পটিয়ায় প্রবাসী পরিবারকে জিম্মি করে ডাকাতি, পালানোর সময় ফাঁকা গুলি

Truth Post
July 26, 2026 2:20 am
Link Copied!

বাংলাদেশের চট্টগ্রামের পটিয়ায় প্রবাসী আলী আব্বাসের বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালিয়েছে একদল ডাকাত। শনিবার (২৫ জুলাই) ভোররাতে পটিয়া থানার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতদল প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি অস্ত্রধারী ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে আলী আব্বাসকে অস্ত্রের মুখে একটি কক্ষে আটকে রাখে। এরপর আলমারি ভেঙে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। ডাকাতদের হামলায় আলী আব্বাসের ছেলে আহত হয়েছেন বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, ডাকাতি শেষে ভোরে ডাকাতদল একটি হাইস মাইক্রোবাসে করে এলাকা ত্যাগ করে। স্থানীয়রা ধাওয়া করলে ডাকাতদল ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পাশের বাড়ির এক মুয়াজ্জিনকেও তারা কিছু সময়ের জন্য আটকে রেখেছিল বলে স্থানীয় যুবদল নেতা গাজী মনির জানিয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ডাকাতদের ফাঁকা গুলি ছোড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে, তবে ঘটনাস্থলে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।