বাংলাদেশের বরগুনার আমতলী উপজেলার লোচা গ্রামে জমি লিখে দিতে রাজি না হওয়ায় ৮০ বছর বয়সী শ্রবণপ্রতিবন্ধী মা আনোয়ারা বেগমকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে হেলাল হাওলাদার ও তার স্ত্রী ফাতেমা বেগমের বিরুদ্ধে। এই ঘটনাটি শনিবার দুপুরের। স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌরসভা সভাপতি হিসেবে পরিচিত হেলাল হাওলাদার নিজের মায়ের ওপর জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিলেন। ঘটনাটি স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পারিবারিক সূত্র জানায়, ২০০৫ সালে আনোয়ারা বেগমের স্বামী আবুল হাসেম হাওলাদার মারা যাওয়ার পর তিনি কষ্ট করে পাঁচ ছেলেকে বড় করেছেন। তিন বছর আগে তিনি তার অধিকাংশ সম্পত্তি ছেলেদের নামে লিখে দিলেও বাড়ির সামনে থাকা কিছু জমি নিজের কাছে রেখে দিয়েছিলেন। শনিবার দুপুরে ওই জমি নিজের নামে লিখে নিতে হেলাল চাপ সৃষ্টি করলে মা অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে ও পুত্রবধূ তাকে ঘর থেকে বের করে দেন।
ভুক্তভোগী আনোয়ারা বেগম জানান, বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় ধরে বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করলেও তার ছেলে ও পুত্রবধূ তাকে ঘরে প্রবেশের সুযোগ দেননি। পরে খবর পেয়ে তার ভাতিজা আবু সালেহ মুছা গিয়ে তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
অভিযুক্ত হেলাল হাওলাদার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, জমির বিরোধকে কেন্দ্র করে তার অন্য চার ভাই ও মামারা মিলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ জানান, বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।