ঢাকাMonday , 14 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বর্ষায় নতুন রূপে সেজেছে চলনবিল, দর্শনার্থীদের ভিড়ে সরগরম তাড়াশ

Truth Post
July 26, 2026 12:20 pm
Link Copied!

বাংলাদেশের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বর্ষার প্রভাবে নতুন রূপে সেজেছে চলনবিল। থই থই জলরাশি আর নৌকাভ্রমণের আমেজ উপভোগ করতে প্রতিদিন নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসছেন দর্শনার্থীরা। চলনবিলের এই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন স্থানীয়রা এবং গবেষকরা, যার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

বর্তমানে কুন্দইল সেতু এলাকাকে কেন্দ্র করে চলনবিলের রূপ দেখার হিড়িক পড়েছে। শুক্রবার বিকেলে তাড়াশ সদর থেকে কুন্দইল সেতুর পথে দেখা যায়, বর্ষার জলরাশির বুক চিরে এগিয়ে চলছে সারি সারি নৌকা। কামারশোন গ্রামের নৌকার ঘাট থেকে জনপ্রতি ২০ টাকায় বা ঘণ্টা হিসেবে ১০০ থেকে ২০০ টাকায় নৌকা ভাড়া করে বিলের ভেতরে ঘুরছেন ভ্রমণপিপাসুরা।

স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা জানান, আষাঢ় ও শ্রাবণ মাস চলনবিল ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। বিলের পানি ও যাতায়াত ব্যবস্থার উন্নতির ফলে এবার পর্যটকের সংখ্যা বেড়েছে। কুন্দইল সেতুর ঘাটে মাঝিদের ব্যস্ততা এবং দর্শনার্থীদের কোলাহলে অনেকটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। পর্যটকদের বাড়তি ভিড়ের সুযোগে বিলপাড়ে গড়ে উঠেছে চা, ফল ও ভাজাপোড়ার অস্থায়ী দোকানপাট।

খুলনার উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ও গবেষক খ ম রেজাউল করিম মনে করেন, এই অঞ্চলকে কেন্দ্র করে পরিকল্পিত পর্যটনশিল্প গড়ে তোলা সম্ভব। এর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। বর্ষার জলরাশির সাথে প্রকৃতির এই মেলবন্ধন প্রতিবছরই পর্যটকদের নতুন করে চলনবিলের দিকে টেনে আনে।