বাংলাদেশের খুলনার দারোগাপাড়ার মহিউদ্দিন সড়কের একটি বাসা থেকে তিনটি বিদেশি পিস্তল, গুলি এবং চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কেএম ইমতিয়াজ আলীর বাড়ির ভাড়াটিয়া খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে খুলনা সদর থানা পুলিশ। অবৈধ অস্ত্রের বড় চালান উদ্ধারের এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকার ওই বাড়ির দোতলায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ডাইনিং রুমের চেয়ার থেকে প্রথমে একটি পিস্তল পাওয়া যায়। পরবর্তীতে ঘর তল্লাশি করে আরও দুইটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে দুইটি চাইনিজ কুড়াল ও দুইটি চা-পাতিসহ বিভিন্ন দেশি অস্ত্র জব্দ করা হয়।
খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, বুধবার সকালে টুটপাড়া এলাকায় মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সূত্র ধরে পুলিশ তদন্তে নামে। সেই তদন্তের ধারাবাহিকতায় এলাকাবাসীর সহায়তায় ওই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বর্তমানে আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।