বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে একটি পরিত্যক্ত বসতঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেট ঘরের বড় একটি অংশ উড়ে গেছে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা। বুধবার সন্ধ্যায় ঘটা এই বিস্ফোরণ স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করেছে।
পুলিশ জানায়, দক্ষিণ ঝিকরহাটি গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম খান প্রায় সাত বছর ধরে পরিবার নিয়ে খুলনায় বসবাস করছেন। সেই থেকে তার বসতবাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বুধবার সন্ধ্যায় বদ্ধ ওই ঘর থেকে বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে ধোঁয়া উড়তে দেখেন এবং ঘরটির চাল ও বেড়া বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ঘটনার পরপরই মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।