ঢাকাThursday , 3 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া আরও কঠিন করছে ট্রাম্প প্রশাসন


September 2, 2026 9:45 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণকারী শিশুদের পাসপোর্টের আবেদনের সময় বাবা-মাকেও নিজেদের নাগরিকত্ব বা বৈধ অভিবাসন স্ট্যাটাসের প্রমাণপত্র জমা দেওয়ার নতুন নিয়ম প্রস্তাব করেছে মার্কিন পররাষ্ট্র দফতর (স্টেট ডিপার্টমেন্ট)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা মূলত ‘বার্থ ট্যুরিজম’ বন্ধ এবং জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের কড়াকড়ি আরোপ করবে।

নতুন এই প্রস্তাবনা অনুযায়ী, পাসপোর্টের আবেদনের সময় বাবা-মাকে নিজেদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে মার্কিন পাসপোর্ট, জন্মনিবন্ধন অথবা গ্রিন কার্ডের মতো বৈধ স্থায়ী বসবাসের নথিপত্র জমা দিতে হবে। বর্তমানে কেবল সন্তানের সঙ্গে সম্পর্কের প্রমাণ এবং ছবিযুক্ত পরিচয়পত্র দিলেই চলে, কিন্তু নতুন নিয়মে বাবা-মায়ের বৈধ স্ট্যাটাস যাচাই করা বাধ্যতামূলক করা হবে।

প্রস্তাবিত নির্দেশিকায় বলা হয়েছে, যদি বাবা-মায়ের কেউ বিদেশি সরকারের প্রতিনিধি হন, নাগরিকত্ব পেতে জালিয়াতির আশ্রয় নেন অথবা ‘এলিয়েন এনিমি’ বা শত্রু হিসেবে তালিকাভুক্ত থাকেন, তবে তাদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হবে না। পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, মার্কিন নাগরিকত্বের মর্যাদা রক্ষা এবং পাসপোর্ট যাচাইকরণ প্রক্রিয়ার মানদণ্ড নিশ্চিত করতেই এই উদ্যোগ।

উল্লেখ্য, এর আগেও ট্রাম্প প্রশাসন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছিল, যা সুপ্রিম কোর্টে সংবিধানের ১৪তম সংশোধনীর পরিপন্থি হিসেবে বাতিল হয়। বর্তমানের নতুন এই নির্দেশিকাটিও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। মেরিল্যান্ডের গ্রিনবেল্টে ইউএস ডিস্ট্রিক্ট জজ ডেবোরাহ বোর্ডম্যানের আদালতে এ বিষয়ে শুনানি হয়েছে, যেখানে বিচারক এই উদ্যোগকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন। সরকারি আইনজীবীরা অবশ্য দাবি করেছেন, যেহেতু আনুষ্ঠানিক নির্দেশিকা এখনও কার্যকর হয়নি, তাই আইনি চ্যালেঞ্জের সময় এখনও আসেনি।