যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ১ ডলারের বিশেষ মুদ্রা উন্মোচন করেছে ইউএস মিন্ট। গত বুধবার উন্মোচন করা এই মুদ্রার মাধ্যমে এক শতাব্দীর ব্যবধানে প্রথমবারের মতো কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি যুক্তরাষ্ট্রের মুদ্রায় স্থান পেল। ইউএস মিন্টের ভাষ্যমতে, এই বিশেষ সংস্করণের মুদ্রায় দেশটির জাতীয় চেতনা, গর্ব ও ঐতিহ্যের প্রতিফলন ঘটানো হয়েছে।
মুদ্রাটির চাহিদা ছিল আকাশচুম্বী। উন্মোচনের কয়েক ঘণ্টার মধ্যেই ইউএস মিন্টের ওয়েবসাইটে সব মুদ্রা বিক্রি হয়ে যায়। এছাড়া ওয়াশিংটন ডিসিতে টাঁকশালের নিজস্ব ভেন্ডিং মেশিনেও মুদ্রাগুলো পাওয়া যাচ্ছিল। ইউএস মিন্টের তথ্য অনুযায়ী, সোনালি রঙের এই মুদ্রাগুলো মূলত তামা, দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেলের মিশ্রণে তৈরি। এতে ৮৮ শতাংশের বেশি তামা ব্যবহৃত হয়েছে।
আইনি জটিলতা ও প্রেক্ষাপট
যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী, মুদ্রার পেছনের দিকে (রিভার্স) জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে মুদ্রার সামনের দিকের (অবভার্স) ক্ষেত্রে আইনে স্পষ্ট কোনো বাধা না থাকায় ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়েছে। এর আগে ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যালভিন কুলিজের প্রতিকৃতি সংবলিত ৫০ সেন্টের মুদ্রা বাজারে ছাড়া হয়েছিল, যা ছিল এ ধরনের শেষ ঘটনা।
মুদ্রা নিয়ে বিতর্ক থাকলেও কাগজের নোটের ক্ষেত্রে আইন আরও কঠোর। ১৮৬৬ সালের থেয়ার সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাগজের নোটে কোনো জীবিত ব্যক্তির ছবি ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। এর আগে গত মে মাসে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি সংবলিত ২৫০ ডলারের নোট ছাপার পরিকল্পনা জানিয়েছিলেন। তবে তা বাস্তবায়নের জন্য জীবিত ব্যক্তির ছবি মুদ্রণে থাকা বিদ্যমান নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে একটি বিল বর্তমানে মার্কিন কংগ্রেসে আটকে আছে।