যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে আসা বোয়িং ৭৬৭-৩০০ মডেলের প্লেনটি অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে পাশের সড়কে চলে যায় এবং কয়েকটি গাড়িতে আঘাত করে।
দুর্ঘটনার পর প্লেনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মিয়ামি-ডেড ফায়ার রেসকিউয়ের প্রধান রে জাদাল্লাহ জানান, ৬০টিরও বেশি ফায়ার-রেসকিউ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দুর্ঘটনাকবলিত প্লেনটি একাধিক যানবাহনের ওপর আছড়ে পড়ায় গাড়ির ভেতরে থাকা ব্যক্তি এবং প্লেনের পাইলট ও কো-পাইলট আটকা পড়েন। প্লেনটিতে ঠিক কতজন ক্রু বা যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, ৩২ বছর বয়সী এই প্লেনটি ২০১৫ সাল থেকে কার্গো পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল। অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টেল জানান, প্লেনটি ২১ এয়ারের মাধ্যমে পরিচালিত হতো এবং ঘটনার কারণ অনুসন্ধানে তারা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন।
দুর্ঘটনার জেরে মিয়ামি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি যাত্রীদের দীর্ঘ বিলম্বের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এফএএ ঘটনাটি তদন্ত করছে।