পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত নীতিমালার দাবিতে ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সামনে প্রায় ৩০টি রোবট নিয়ে অভিনব বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্র্যাটিজম নামের একটি উদ্যোগ এই কর্মসূচির আয়োজন করে, যার মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটাইজেশন কীভাবে শ্রমবাজারকে প্রভাবিত করছে, তা নিয়ে আলোচনা শুরু করা।
বিক্ষোভে অংশ নেওয়া রোবটগুলোকে পতাকা হাতে নিয়ে রাজপথে মিছিল করতে দেখা গেছে। এ সময় তাদের লাউডস্পিকারে ‘কর্মক্ষেত্র রক্ষা করুন’, ‘নিয়মকানুন তৈরির সময় এসেছে’ এবং ‘অপেক্ষা করবেন না, নিয়ম তৈরি করুন’—এমন নানা স্লোগান শোনা যায়।
বিক্ষোভে অংশগ্রহণকারী ‘এজিবট-এথ্রি’ নামের একটি রোবট জানায়, তাদের এই উপস্থিতি প্রমাণ করে যে এআই প্রযুক্তি এখন আর কেবল কল্পনা নয়, এটি একটি বাস্তবতা।
আয়োজক গ্রেগরজ কুলিস জানান, জ্ঞানভিত্তিক পেশায় মানুষের জায়গায় রোবট ও এআই প্রযুক্তির সম্ভাব্য প্রতিস্থাপনের বিষয়টি সামনে আনতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এখন ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।
বিক্ষোভ চলাকালীন পোল্যান্ডের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রী ক্রিস্তফ গাওকোস্কি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন।