যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার দিবাগত রাতে তিনি দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তাকে সমর্থন দেওয়ায় সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান জাতিসংঘে আস্থা পুনরুদ্ধার, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংলাপ বৃদ্ধি এবং বৈশ্বিক এই সংস্থাকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। দীর্ঘ চার দশকের কূটনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি জানান, বর্তমানে জাতিসংঘ ও বহুপক্ষীয় ব্যবস্থা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে তিনি মনে করেন।
দায়িত্ব পালনের ক্ষেত্রে জাতিসংঘ সনদ ও সদস্যরাষ্ট্রগুলোর দেওয়া ম্যান্ডেটের প্রতি পূর্ণ অনুগত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তিনি বলেন, জাতিসংঘ শুধু সদস্যরাষ্ট্রগুলোর নয়, বরং এটি সাধারণ মানুষেরও প্রতিষ্ঠান। তাই নাগরিক সমাজ, গণমাধ্যম ও শিক্ষাবিদদের মতো অংশীজনদের কার্যক্রমে সম্পৃক্ত করা জরুরি।
রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ কাছ থেকে দেখেছেন। তাদের নিজ দেশে ফেরার আকাঙ্ক্ষাকে জাতিসংঘে জোরালোভাবে তুলে ধরার কাজ তিনি অব্যাহত রাখবেন।
শপথ গ্রহণের সময় ড. খলিলুর রহমান নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তিনি সাফ জানিয়ে দেন যে, দায়িত্ব পালনের সময় তিনি জাতিসংঘের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন এবং কোনো বাহ্যিক সরকারের কাছ থেকে কোনো প্রকার নির্দেশনা গ্রহণ করবেন না।