সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত প্রতিরক্ষা জায়ান্ট এজ গ্রুপ অ্যাঙ্গোলার নৌবাহিনীর কাছে ছয়টি এইচটি-১০০ নেভাল মনুষ্যবিহীন হেলিকপ্টার হস্তান্তর করেছে। ২০২৩ সালে স্বাক্ষরিত ১২০ কোটি ডলারের (প্রায় ১০০ কোটি ইউরো) একটি প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এই হেলিকপ্টারগুলো অ্যাঙ্গোলার নৌবাহিনীর নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সুইজারল্যান্ডে এজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আনাভিয়ার কারখানায় সফলভাবে ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স ট্রায়াল (এফএটি) সম্পন্ন হওয়ার পর হেলিকপ্টারগুলো হস্তান্তর করা হয়। এই পরীক্ষার মাধ্যমে ছয়টি সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে, যা প্রকল্পের একটি বড় মাইলফলক।
চুক্তির অংশ হিসেবে অ্যাঙ্গোলার নৌবাহিনীর জন্য তিনটি বিআর৭১ মার্ক-২ করভেট যুদ্ধজাহাজ নির্মাণ করছে আবুধাবি শিপ বিল্ডিং (এডিএসবি)। প্রতিটি যুদ্ধজাহাজে দুটি করে এই মনুষ্যবিহীন হেলিকপ্টার মোতায়েন করা হবে। হেলিকপ্টারগুলো জাহাজের কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে পুরোপুরি যুক্ত থাকবে এবং এতে থাকা ইলেক্ট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড সেন্সর সমুদ্রসীমায় নজরদারি কার্যক্রম শক্তিশালী করবে।
এজ গ্রুপের প্ল্যাটফর্ম ও সিস্টেমস প্রেসিডেন্ট খালেদ আল জাবি জানান, তাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় অ্যাঙ্গোলার নৌবাহিনীর অপারেশনাল চাহিদা অনুযায়ী এই প্রতিরক্ষা সমাধান প্রদান করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, চুক্তির আওতায় তিনটি করভেট জাহাজের মধ্যে প্রথম ও তৃতীয়টি ফ্রান্সের শেরবুর্গ শিপইয়ার্ডে সিএমএন নাভাল কর্তৃক নির্মিত হচ্ছে। দ্বিতীয় জাহাজটি আবুধাবিতে নির্মাণাধীন রয়েছে।