ইউক্রেনের লিউবিৎসকে গ্রামটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (১ আগস্ট) এক বিবৃতিতে রাশিয়ার ভস্তক (পূর্ব) গ্রুপ এই গ্রামটি দখলের তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। যুদ্ধের অগ্রগতির ক্ষেত্রে রাশিয়ার এই সাফল্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে যে, তাদের বাহিনী রাশিয়ার উফা শহরের একটি তেল শোধনাগারে রাতে অভিযান চালিয়েছে। একইসঙ্গে ড্রোন ব্যবহারের মাধ্যমে রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিজনেকামস্কনেফতেখিম শিল্প কমপ্লেক্স এবং রুশ-নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চলের একাধিক জ্বালানি স্থাপনায় আঘাত হানার দাবি করেছে কিয়েভ।
তবে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে উভয় পক্ষের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দুই দেশের দেওয়া সামরিক তথ্যের নিরপেক্ষ উৎস নিশ্চিত করা বর্তমানে কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।