সৌদি আরবের রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশসহ ১৩টি দেশের সমন্বয়ে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের নতুন কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আল-শেহরি জোটভুক্ত সদস্য দেশগুলোর যৌথ নৌ কার্যক্রম তদারকি করবেন। এছাড়া তিনি অন্যান্য সামুদ্রিক জোটের সঙ্গে সমন্বয় বজায় রেখে জোটের নির্ধারিত লক্ষ্য ও অভিযান পরিচালনা করবেন। জোট গঠনের এক সপ্তাহের মাথায় এই গুরুত্বপূর্ণ পদটিতে নিয়োগ চূড়ান্ত করা হলো।
গত ৩০ জুলাই বাংলাদেশ, সৌদি আরব, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন আনুষ্ঠানিকভাবে এই জোট গঠনের ঘোষণা দেয়। এই সামুদ্রিক করিডরটি ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের সংযোগকারী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথ হিসেবে স্বীকৃত।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জোটটিকে একটি উন্মুক্ত আন্তর্জাতিক জোট হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করছে। আগামী ১২ ও ১৩ আগস্ট জোটের একটি পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করার পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হবে।
এই জোট গঠনের উদ্যোগটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে হরমুজ প্রণালিতে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহকারী এই রুটটি কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।