যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের আতশবাজি প্রদর্শনীটিকে ইতিহাসের বৃহত্তম প্রদর্শনী হিসেবে নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী বা ‘ফ্রিডম ২৫০’ উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় আয়োজিত এই প্রদর্শনীটি বিশ্ব রেকর্ড গড়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, ৪ জুলাই আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৮ লাখ ৪০ হাজার ৫৩৭টি আতশবাজি ফোটানো হয়। ইভেন্ট স্ট্র্যাটেজিস ইনকরপোরেটেড আয়োজিত এই প্রদর্শনীটি বাস্তবায়ন করেছে ফ্রিডম ২৫০ এবং পাইরোটেকনিকো ইনকর্পোরেটেড। এটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে, যার আগেরটি ছিল ৮ লাখ ১০ হাজার ৯০৪টি আতশবাজির একটি প্রদর্শনী।
জাতীয় স্মৃতিসৌধ এলাকা এবং পোটোম্যাক নদীর তীরে বার্জসহ একাধিক স্থান থেকে এই আতশবাজিগুলো ফোটানো হয়। বিরূপ আবহাওয়ার কারণে সাময়িক বিলম্ব এবং ন্যাশনাল মল থেকে দর্শকদের সরিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও, শেষ পর্যন্ত প্রায় ৪০ মিনিট স্থায়ী এই প্রদর্শনীটি দেখার জন্য সমবেত হয়েছিলেন হাজার হাজার মানুষ।
এই উদযাপনের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভাষণ প্রদান করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া ‘ফ্রিডম ২৫০’ মুখপাত্র ড্যানিয়েল আলভারেজ জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের ঐক্য ও গৌরবের প্রতীক। হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঐতিহাসিক মাইলফলক অর্জন এবং বর্ণাঢ্য আয়োজনটি প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বের প্রতিফলন।