সুইডেনের স্টকহোমে দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন মন্তব্য করেছেন যে, স্পেনের অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার পরিকল্পনা একটি অত্যন্ত বাজে ধারণা। এই সিদ্ধান্তের ফলে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর মুক্ত চলাচলের অঞ্চলের অখণ্ডতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে তিনি সতর্ক করেছেন।
সুইডিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন সময়ে এল যখন ইউরোপীয় দেশগুলো অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে। ক্রিস্টারসনের মতে, গণহারে অভিবাসীদের বৈধতা প্রদান দীর্ঘমেয়াদে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনার জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সেনজেন অঞ্চলের নিয়ম অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অবাধ যাতায়াতের সুযোগ রয়েছে। সুইডিশ প্রধানমন্ত্রীর শঙ্কা, এক দেশের অভিবাসন নীতি অন্য দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করতে পারে, যা পুরো মুক্ত যাতায়াত ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে।