বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনে দেশটির ৭৮তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে হাইকমিশনার ইমরান হায়দারের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিবসটি উদযাপনের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারের দেওয়া বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি নাগরিক, বাংলাদেশি বন্ধু, সাংবাদিক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা পাকিস্তান আন্দোলনের নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরে নেতৃবৃন্দ পাকিস্তানের প্রতিষ্ঠাতাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। এছাড়া জম্মু ও কাশ্মির ইস্যুতে সংহতি প্রকাশ এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে হাইকমিশন আয়োজিত ‘পাকিস্তানের ঐতিহাসিক স্থান’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে পাকিস্তানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।