ঢাকাSunday , 16 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫, ব্যাপক ক্ষয়ক্ষতি

International Desk
August 15, 2026 12:15 pm
Link Copied!

ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেনগারা প্রদেশের সিকা এলাকায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৫৮ মিনিটে ঘটা এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রদেশের গভর্নর ইমানুয়েল মেলকিয়াদেস লাকা লেনা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ১৫ কিলোমিটার গভীরে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুরুতে দেশটির জরুরি সেবা বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন সুয়ার পেলিতা পাঞ্জাইতান দুজনেই মৃত্যুর কথা জানিয়েছিলেন। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছায় বলে গভর্নর সংবাদ সম্মেলনে জানান।

ভূমিকম্প আঘাত হানার পর ফ্লোরেস দ্বীপের উপকূলীয় এলাকায় তিন ফুট উচ্চতার সুনামি আঘাত হানে। এ সময় উপকূলবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে উঁচু স্থানে আশ্রয় নেন। তবে বিএমকেজির সুনামি বিভাগের পরিচালক উইজায়ান্তো জানিয়েছেন, বর্তমানে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মাউমেরে শহরের একটি ভবনের একাংশ ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। এছাড়া এন্দে এলাকার একটি হাসপাতাল থেকে রোগীদের আতঙ্কিত অবস্থায় সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সামগ্রিক ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়ার কাজ চলছে এবং সমুদ্রপৃষ্ঠের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।