যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে তিন সন্তানকে হত্যার দায়ে অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সির বাবা-মা মাইক ও পলা মাসগ্রোভের সহায়তায় বিশ্বব্যাপী অনুদান সংগ্রহ চলছে। তাদের মেয়ের আইনি লড়াই চলাকালীন ভ্রমণ, আবাসন ও জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য খোলা এই তহবিলে এখন পর্যন্ত ৮ লাখ ৩০ হাজার ডলারেরও বেশি অর্থ জমা হয়েছে। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ মিলিয়ন ডলার।
লিন্ডসে ক্ল্যান্সি তার তিন সন্তান কোরা, ডসন এবং আট মাস বয়সী ক্যালানকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। বর্তমানে তিনি প্রথম মাত্রার তিনটি হত্যা মামলার মুখোমুখি হচ্ছেন। লিন্ডসের আইনি দল দাবি করেছে, ঘটনার সময় তিনি প্রসবোত্তর মনোবৈকল্য (পোস্টপার্টাম সাইকোসিস) এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এই অবস্থার পেছনে তাকে দেওয়া বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও দায়ী ছিল বলে তারা যুক্তি তুলে ধরছে।
তহবিল সংগ্রহের পাতায় উল্লেখ করা হয়েছে, এই অর্থ শুধুমাত্র লিন্ডসের বাবা-মায়ের জন্য, যারা তাদের মেয়ের পাশে থাকার জন্য বছরের পর বছর ধরে সঞ্চিত অর্থ ব্যয় করেছেন। এই লড়াইয়ে লিন্ডসের বাবা-মা অবিচলভাবে তার পাশে দাঁড়িয়েছেন।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই তহবিলে অনুদান পাঠাচ্ছেন। আয়োজকদের ভাষ্যমতে, এই অর্থ সংগ্রহের উদ্দেশ্য কাউকে মামলার বিষয়ে কোনো পক্ষ নিতে আহ্বান জানানো নয়, বরং লিন্ডসের বাবা-মায়ের ওপর নেমে আসা বিশাল আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা। আদালত মামলার চূড়ান্ত রায়ে যা-ই বলুক না কেন, মাইক ও পলা মাসগ্রোভকে যেন ভবিষ্যতের দিনগুলোতে আর্থিক দুশ্চিন্তায় না পড়তে হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।