যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রিমরক লেকের কাছে প্রশিক্ষণ চলাকালীন মেরিন কোরের একটি এফ-১৮ হরনেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি পাহাড়ের গায়ে আছড়ে পড়ার আগেই পাইলট মেজর জ্যাকসন সাইমন সফলভাবে ইজেক্ট করে নিরাপদে অবতরণ করেন। ৬৭ মিলিয়ন ডলার মূল্যের বিমানটি ধ্বংসের ঘটনায় পাইলটকে রক্তাত্ব অবস্থায় শান্ত থাকতে দেখা গেছে।
ঘটনার পর ইয়াকিমা কাউন্টি শেরিফের অফিসের বডিক্যাম ফুটেজে দেখা যায়, পাইলট মেজর জ্যাকসন সাইমন মুখের বিভিন্ন স্থানে আঘাত ও রক্ত নিয়ে স্বাভাবিকভাবে হেঁটে উদ্ধারকারীদের কাছে পৌঁছাচ্ছেন। ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি শেরিফের ডেপুটিকে জানান, তিনি একটু অপ্রস্তুত বোধ করছেন কিন্তু মানসিকভাবে স্থির আছেন।
পাইলট উদ্ধারকারীদের জানান, তিনি লেকের ওপর দিয়ে নিয়মমাফিক নিচু উচ্চতায় মহড়া চালাচ্ছিলেন। হঠাৎ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পাহাড়ের ওপর দিয়ে নিচে পড়ে যান। দুর্ঘটনাস্থলে উপস্থিত থাকা উদ্ধারকারীদের সঙ্গে কথোপকথনের সময় তিনি বিষয়টি স্বীকার করে বলেন, আমার শরীরে এখন প্রচুর অ্যাড্রেনালিন কাজ করছে।
তদন্তকারী সূত্রে জানা গেছে, ১৩ জুন দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১-এর এই যুদ্ধবিমানটি সিয়াটল থেকে ৫৫ মাইল দক্ষিণ-পূর্বে নিয়মিত প্রশিক্ষণে ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বর্তমানে মেরিন কোরের পক্ষ থেকে ঘটনার কারণ উদঘাটনে আনুষ্ঠানিক তদন্ত চলছে। থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের সদর দপ্তর জানিয়েছে, তদন্ত শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে এবং সেই পর্যন্ত বিস্তারিত তথ্য গোপন রাখা হবে।