যুক্তরাষ্ট্রের ওরেগনের পোর্টল্যান্ডে একটি বিনোদন পার্কে রাইডে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৩০ মিনিট উল্টো হয়ে আটকে থাকা দুই কিশোরীকে সাড়ে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ওকস পার্কের ‘অ্যাটমোসফেয়ার’ রাইডটিতে এই ঘটনার পর ভুক্তভোগী দুই কিশোরীর করা মামলায় জুরি বোর্ড তাদের প্রত্যেককে ২ লাখ ৭৫ হাজার ডলার করে দেওয়ার পক্ষে রায় দেয়।
২০২৪ সালের ১৪ জুন ওকস পার্কে রাইডটি চালু হওয়ার প্রথম দিনেই এই দুর্ঘটনা ঘটে। পেন্ডুলাম আকৃতির রাইডটি হঠাৎ উল্টো অবস্থানে আটকে যায়। এতে রাইডে থাকা প্রায় ৩০ জন যাত্রী আটকা পড়েন। পরবর্তীতে পোর্টল্যান্ড ফায়ার অ্যান্ড রেসকিউ টিমের সদস্যরা পার্কের প্রকৌশলীদের সহায়তায় প্রায় ২৫ মিনিট চেষ্টার পর রাইডটি ম্যানুয়ালি নিচে নামিয়ে আনেন। উদ্ধার হওয়া যাত্রীদের চিকিৎসার জন্য মূল্যায়ণ করা হয়েছে।
ভুক্তভোগী কিশোরীদের পরিবারের দাবি, রাইডটি কেন আটকে গিয়েছিল সেটির জবাবদিহি নিশ্চিত করতেই তারা মামলা করেছিলেন। তাদের অভিযোগ, পার্কে কোনো জরুরি উদ্ধার পরিকল্পনা ছিল না। রাইডটি আটকে গেলে তা নামানোর কোনো সরঞ্জাম বা কারিগরি জ্ঞান পার্ক কর্তৃপক্ষের ছিল না। এমনকি জরুরি পরিস্থিতিতে পার্কের ট্রাফিক ব্যবস্থা ঠিক না থাকায় উদ্ধারকারী দলের পৌঁছাতে দেরি হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।
এই রায়ের পর ওকস পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রাইডটি যে আটকে যাওয়া উচিত হয়নি তা তারা স্বীকার করে। তবে সব যাত্রী অক্ষত থাকায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে রাইড প্রস্তুতকারক কোম্পানি ও সরকারি পরিদর্শকদের সাথে কাজ করে নিরাপত্তার সর্বোচ্চ মান নিশ্চিত করার আশ্বাস দিয়েছে পার্ক কর্তৃপক্ষ।