পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে বুধবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জন নবজাতকের মৃত্যু হয়েছে। হাসপাতালের গাইনি ওয়ার্ডের একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল ও উদ্ধারকারী কর্মকর্তারা।
হাসপাতালের মুখপাত্র ডা. আনিজা জলিল জানিয়েছেন, বুধবার ভোর পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় একজন শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন চিকিৎসক। মৃত শিশুদের মধ্যে ছয়জনের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকিদের মরদেহও দ্রুত হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। ভুক্তভোগী এক মা, যার সন্তান ঘটনার মাত্র তিন দিন আগে জন্ম নিয়েছিল, তিনি নিজের হারানো সন্তানকে নিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
ঘটনার পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিষয়টিকে অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেছেন। দায়িত্ব অবহেলার দায়ে তিনি স্বাস্থ্য সচিব আসলাম গৌরীকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন এবং ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং এই মৃত্যুকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন।