যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির হারলেমে মেয়র জোহরান মামদানির নেওয়া সরকারি উদ্যোগে সুপারশপ খোলার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স এবং মাল্টিকালচারাল বিজনেস কোয়ালিশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এই পরিকল্পনাকে বিপর্যয়কর আখ্যা দিয়ে তা বাতিলের দাবি তুলেছেন।
মেয়র মামদানির এই পরিকল্পনায় পাঁচটি মিউনিসিপ্যাল বা সরকারি সুপারশপ খোলার কথা রয়েছে, যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ বাজারের চেয়ে ৩০ শতাংশ কম দামে বিক্রি করা হবে। এর ফলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন দোকান মালিকরা।
এই কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের সিইও মার্ক জাফে জানান, সরকারি অর্থের অপব্যবহার করে নিজস্ব নাগরিকদের ব্যবসায়ের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা ছোট ব্যবসায়ীদের অধিকার খর্ব করবে।
হারলেমের আমেরিকান ডেলি মিনি মার্কেটের মালিক এলভিস বলেন, আমার দোকানের ঠিক সামনেই সরকার এমন দোকান খুললে আমি ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবো। ব্যবসায়ীরা মনে করছেন, মেয়রের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে হাজারো ক্ষুদ্র উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবেন।
মেয়রের দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শহরের প্রায় ১৪ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছেন এবং তাদের সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের মতে, শহরের কয়েক হাজার দোকানের বিপরীতে মাত্র পাঁচটি সরকারি দোকান বড় কোনো প্রভাব ফেলবে না। তবে ব্যবসায়ী সংগঠনগুলো এই যুক্তি প্রত্যাখ্যান করে একটি টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়েছে, যারা স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি না করেই খাদ্য সহায়তার বিকল্প উপায় খুঁজে বের করবে।