আফগানিস্তানের কাবুলে ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের সময় ভয়াবহ বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার কথা জানিয়েছেন আ্যাবি গেট হামলায় জীবিত থাকা অবসরপ্রাপ্ত মেরিন সার্জেন্ট টাইলার ভার্গাস-অ্যান্ড্রুস। তিনি অভিযোগ করেছেন, পর্যাপ্ত প্রস্তুতি ও প্রশাসনিক সহায়তার অভাবেই সে সময় মার্কিন মেরিন সেনাদের চরম সংকটের মুখে পড়তে হয়েছিল।
হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন থাকা সেনাদের যুদ্ধের ময়দানে কাজ করতে হয়েছিল সম্পূর্ণ নিজেদের উদ্যোগে, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। টাইলার ভার্গাস-অ্যান্ড্রুস জানান, সেখানে শরণার্থীদের জন্য কোনো প্রক্রিয়াকরণ কেন্দ্র বা প্রয়োজনীয় ব্যবস্থার অভাব ছিল। এমনকি সেনাদের নিজেদের খাবার ও পানি শরণার্থীদের মাঝে বিলিয়ে দিতে হয়েছিল।
২০২১ সালের ২৬ আগস্টের সেই আত্মঘাতী বোমা হামলায় ভার্গাস-অ্যান্ড্রুস তার ডান হাত ও বাম পা হারান। তিনি জানান, হামলার আগে সম্ভাব্য হুমকি নিয়ে গোয়েন্দা তথ্য থাকলেও তা প্রতিরোধের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি দাবি করেন, যথাযথ প্রস্তুতি ও দূরদর্শিতার অভাবে পুরো উদ্ধার প্রক্রিয়াটি ছিল একটি ব্যর্থ মিশন।
দীর্ঘদিনের প্রশাসনিক ব্যর্থতা, দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবকে এই বিপর্যয়ের জন্য দায়ী করেন এই সাবেক মেরিন সদস্য। তিনি স্পষ্ট করেন যে, সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করলেও সেনাদের যে পরিস্থিতির মুখোমুখি দাঁড় করানো হয়েছিল, তা ছিল অমানবিক।
সম্প্রতি পেন্টাগন কর্তৃক উদ্ধার অভিযানে অংশ নেওয়া মেরিনদের স্বীকৃতি প্রদানকে ইতিবাচক হিসেবে দেখলেও ভার্গাস-অ্যান্ড্রুস মনে করেন, মূল দায়বদ্ধতার বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে। তিনি ঘটনার সঠিক বিচার ও স্বচ্ছ জবাবদিহিতার দাবি পুনর্ব্যক্ত করেছেন।