রাশিয়ার আমুর অঞ্চলের একটি নির্মাণাধীন গ্যাস কেমিক্যাল প্রকল্পে পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় আহত বাংলাদেশি শ্রমিক আব্দুল কুদ্দুস মারা গেছেন। বড় ভাই আব্দুল আলীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৫ আগস্ট এজিসিসি প্রকল্পের সিনোপেক প্ল্যান্টে গ্যাস সরবরাহের সময় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যাতে অন্তত ৩৫ জন বাংলাদেশি শ্রমিক আহত হন।
নিহত আব্দুল কুদ্দুস রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোঁপাকেল্লা গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় দেড় বছর আগে কর্মসংস্থানের আশায় তিনি রাশিয়ায় পাড়ি জমান। পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন। বর্তমানে কুদ্দুসের বৃদ্ধ মা ও পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।
বিস্ফোরণের পর নিখোঁজ হওয়া মনিরুল ইসলাম নামে অপর এক শ্রমিকের সন্ধান পাওয়া গেছে। পাংশা পৌরসভাধীন চরমোদিপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামকে ঘটনার পর গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে মস্কোর একটি হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
গত ২৫ আগস্ট সিনোপেক প্ল্যান্টের পাইপলাইন পরীক্ষার সময় সংযোগস্থলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরবর্তীতে বিকট বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় হতাহত শ্রমিকদের পরিবারের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।