যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ভোররাতে একটি শাটল বাস নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের দেয়ালে ধাক্কা খেলে ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। টার্মিনাল বি-এর তিন নম্বর ডিপারচার লেভেলে ভোর ৩টার কিছুক্ষণ পর এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। প্রাপ্ত তথ্যমতে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হলেও কারো আঘাতই প্রাণঘাতী নয় বলে ধারণা করা হচ্ছে। বাকি ১০ জন সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার কবলে পড়া বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং উইন্ডশিল্ড ও দরজার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনাস্থলের ভিডিও চিত্রে দেখা গেছে, বাসটি কংক্রিটের শক্তিশালী প্রতিবন্ধকে আটকে রয়েছে এবং পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টার্মিনাল বি-এর তিন নম্বর ডিপারচার রোডওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেয়। এরপর থেকে যাত্রীদের টার্মিনাল বি-তে নামার জন্য বিকল্প হিসেবে দুই নম্বর লেভেল ব্যবহারের পরামর্শ দিয়েছে পোর্ট অথরিটি পুলিশ বিভাগ। ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।