যুক্তরাজ্যের স্কটল্যান্ডে নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়ার সরকারি পরিকল্পনাটি অকার্যকর হিসেবে উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি তার নির্বাচনী ইশতেহারে দুধ, ডিম, পনির এবং চালের মতো জরুরি খাদ্যপণ্যের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বিরোধিতা করে ২৩টি ব্যবসায়ী সংগঠন তাকে একটি যৌথ চিঠি দিয়েছে। মঙ্গলবার সরকার তার ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণার আগেই এই দাবি জানাল ব্যবসায়ীরা।
চিঠিতে স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কটিশ রিটেইল কনসোর্টিয়াম (এসআরসি), ফুড অ্যান্ড ড্রিংক ফেডারেশন স্কটল্যান্ড, স্কটিশ বেকার্স এবং ডেইরি ইউকে। ব্যবসায়ীদের মতে, এই আইন খাদ্যপণ্যের উচ্চ মূল্যের মূল কারণ যেমন উৎপাদন, হিমায়ন এবং বিতরণ খরচ কমাতে কোনো ভূমিকা রাখবে না।
এসআরসি-এর উপ-প্রধান ইওয়ান ম্যাকডোনাল্ড-রাসেল এই পরিকল্পনাকে ‘ভয়ংকর একটি আইডিয়া’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, দাম বেঁধে দেওয়া কোনো সমাধান নয়, বরং এটি একটি লোক দেখানো কৌশল। হাঙ্গেরির উদাহরণ টেনে তিনি জানান, সেখানে এমন নীতি গ্রহণের ফলে বাজারে পণ্যের সংকট দেখা দিয়েছিল এবং স্থানীয় পণ্যের জায়গা নিয়েছিল সস্তা আমদানিকৃত পণ্য।
ব্যবসায়ী নেতারা সতর্ক করে বলেছেন, এই ধরণের নীতি বড় সুপারমার্কেটগুলোর ওপর প্রভাব ফেললেও ছোট দোকানগুলোকে অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দেবে। তাদের মতে, সরকারি এই উদ্যোগে কোনো সুফল পাওয়ার সম্ভাবনা নেই, উল্টো ব্যবসার খরচ বেড়ে যাওয়ায় ভোক্তাদের ওপরই এর চূড়ান্ত প্রভাব পড়তে পারে।
এদিকে স্কটিশ সরকার জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলা তাদের অন্যতম অগ্রাধিকার। সরকারি মুখপাত্র জানিয়েছেন, সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় আগ্রহী এবং এ বিষয়ে শীঘ্রই একটি পরামর্শ প্রক্রিয়া শুরু করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ বাজার আইনের মতো আইনি জটিলতা রয়েছে, যা অতিক্রম করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।