যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টক্লেয়ারের একটি ওয়্যারহাউস থেকে ট্রাকভর্তি ১ হাজার ৬০২ কেস পাবস্ট ব্লু রিবন (পিবিআর) বিয়ার চুরির ঘটনা ঘটেছে। চুরির এই ঘটনাকে ‘গ্রেট আমেরিকান বিয়ার হাইস্ট’ হিসেবে অভিহিত করেছেন পাবস্ট ব্রিউয়িং কোম্পানির সিইও গ্রেইগ ডিবো। চোরদের শনাক্ত বা বিয়ার উদ্ধারে তথ্য প্রদানকারীকে ২০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
টিকটকে এক ভিডিও বার্তায় সিইও গ্রেইগ ডিবো জানান, ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য। তিনি বলেন, যারা এই কাজ করেছে তারা হয়তো নিজেদের খুব স্মার্ট মনে করছে, কিন্তু এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে বিয়ার ফেরত দেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এর মধ্যে সন্ধান না মিললে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্টক্লেয়ার পুলিশ জানিয়েছে, আনুমানিক ৭০ হাজার ডলার মূল্যের এই বিয়ার চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র থাকতে পারে। গত ১৭ আগস্ট একই এলাকায় দুটি পৃথক চুরির ঘটনা ঘটেছিল, যেখানে জালিয়াতির আশ্রয় নিয়ে ট্রাক থেকে পণ্য সরিয়ে নেওয়া হয়। পুলিশ বর্তমানে এই ঘটনার সঙ্গে আগের অপরাধের যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে।
পাবস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো প্রচারণামূলক স্টান্ট নয়, বরং এটি একটি বাস্তব অপরাধ। কোম্পানিটি জানিয়েছে, এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে তাদের হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মন্টক্লেয়ার পুলিশ বিভাগও তাদের নিজস্ব নম্বরে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে।