যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিস্কিয়ু কাউন্টিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ভুল তথ্যের ওপর নির্ভর করে মাউন্ট শাস্তা অভিযানে গিয়ে আটকা পড়েছেন একদল পর্বতারোহী। গুগল জেমিনাই চ্যাটবট তাদের আশ্বস্ত করেছিল যে এই পর্বতে উঠতে মাত্র ৮ ঘণ্টা সময় লাগবে, যা পরবর্তীতে চরম ভুল প্রমাণিত হয়েছে। পর্বতারোহীরা জানিয়েছেন, তারা এআই-এর ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে নিজেদের বিচারবুদ্ধি প্রয়োগ না করার খেসারত দিয়েছেন।
অভিযাত্রীদের ভাষ্যমতে, জেমিনাই তাদের আট ঘণ্টার অভিযানের পরিকল্পনা দেয় এবং চর্বিজাতীয় খাবারের পরিবর্তে দ্রুত হজমযোগ্য কার্বোহাইড্রেট নেওয়ার পরামর্শ দেয়। এই তথ্যের ওপর ভিত্তি করে তারা পর্যাপ্ত খাবার, পানি ও শীতের পোশাক ছাড়াই অভিযানে বের হন। ২৯ আগস্ট তারা বেস ক্যাম্প স্থাপন করেন এবং ৩০ আগস্ট রাত ৩টায় যাত্রা শুরু করেন।
পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি। তাদের চূড়ায় পৌঁছাতেই সময় লেগেছে ১৬ ঘণ্টা, যা নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি। এছাড়া আবহাওয়া প্রতিকূল থাকায় এবং জিপিএস অ্যাপসহ মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ায় তারা দিক হারিয়ে ফেলেন। ৩১ আগস্ট সকাল পর্যন্ত উদ্ধারকারীরা তাদের নাগাল পায়নি। হেলিকপ্টার ব্যবহারের সুযোগ না থাকায় শেষ পর্যন্ত উদ্ধারকারী দল তাদের পায়ে হেঁটে নিচে নামিয়ে আনে।
সিস্কিয়ু কাউন্টির শেরিফ অফিস পর্বতারোহীদের সতর্ক করে জানিয়েছে, গুরুত্বপূর্ণ কোনো অভিযানের পরিকল্পনায় কখনোই কেবল কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করা উচিত নয়। যেকোনো পাহাড়ি অভিযানের আগে স্থানীয় রেঞ্জার স্টেশন থেকে সঠিক ও হালনাগাদ তথ্য সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।