যুক্তরাষ্ট্রের গিটারে প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফেণ্ডারের প্রধান নির্বাহী এডওয়ার্ড ‘বাড’ কোল সম্প্রতি এক সাক্ষাৎকারে মিউজিক ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। টি৩ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গিটারে অন্যের গান বা কভার সং বাজানো এবং ব্যান্ডের সদস্যদের সঙ্গে গান তৈরি করা অনেকটা ‘অ্যানালগ এআই’-এর মতো। তার এই মন্তব্য সংগীত বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং গিটারবাদকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
কোল তার বক্তব্যে দাবি করেন, এআই সংগীতের জন্য নতুন কিছু নয়। তিনি কভার সং শেখার প্রক্রিয়াকে এআই-এর ট্রেনিং ডেটার সঙ্গে তুলনা করেন। তার মতে, যারা নিজের গান লিখতে পারেন না, তারা অন্য শিল্পীদের গান শেখার মাধ্যমে এক ধরনের এআই প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। এছাড়া ব্যান্ডের ড্রামার বা বেজিস্টের সঙ্গে গান তৈরির প্রক্রিয়াকেও তিনি এআই-এর ভূমিকার সঙ্গে তুলনা করেছেন।
তার এই মন্তব্য এমন এক সময়ে এল যখন ফেণ্ডার কোম্পানি কপিরাইট সংক্রান্ত বিভিন্ন আইনি জটিলতা নিয়ে এমনিতেই গিটারবাদক সম্প্রদায়ের সমালোচনার মুখে রয়েছে। অনেক প্রভাবশালী গিটার ইউটিউবার ইতিমধ্যে ফেণ্ডারের পণ্য কেনা বন্ধ করার ঘোষণা দিয়েছেন। কোল-এর নতুন এই মন্তব্য কোম্পানির ভাবমূর্তিকে আরও সংকটের মুখে ফেলেছে।
সংগীতবোদ্ধা এবং শিল্পীরা কোলের এই বক্তব্যকে ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন। সমালোচকদের মতে, মানুষের শৈল্পিক সৃজনশীলতা, আবেগ এবং অভিজ্ঞতার সঙ্গে মেশিনের ডেটা প্রসেসিংয়ের কোনো তুলনা হতে পারে না। একজন মানুষের ব্যক্তিগত দক্ষতা, শারীরিক সীমাবদ্ধতা এবং অনুভূতির যে সংমিশ্রণ গানে ফুটে ওঠে, তা কোনোভাবেই এআই দিয়ে সম্ভব নয় বলে মনে করছেন তারা।
কোল অবশ্য দাবি করেছেন যে, এআই নতুন প্রজন্মের গিটারবাদকদের দক্ষ হতে এবং একে অপরের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে। তবে তার এই দাবিকেও অনেকে প্রত্যাখ্যান করেছেন। সমালোচকদের মতে, এআই-এর ওপর নির্ভরশীলতা সৃজনশীলতাকে উৎসাহিত করার পরিবর্তে দক্ষতা কমিয়ে ফেলছে, যা একজন সংগীতশিল্পীর দীর্ঘমেয়াদী বিকাশের পরিপন্থী।