বাংলাদেশের বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয় শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জামিল শেখ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও বিরোধ সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত দেখে জামিল শেখ তা থামাতে এগিয়ে যায়। এ সময় অভিযুক্ত শাকিল (২২) তার ওপর অতর্কিত হামলা চালায় এবং মারধর করে। গুরুতর আহত অবস্থায় জামিলকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত শাকিল একই এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি চাতালে ম্যানেজার হিসেবে কাজ করতেন। ঘটনার পরপরই তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।