যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের অ্যান আরুন্ডেল কাউন্টি পাবলিক স্কুলস কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জেন্ডার পরিচিতি অভিভাবকদের কাছ থেকে গোপন রাখার নীতি পরিবর্তনের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন বিচার বিভাগ (DOJ)। বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিত ধিলন এই আল্টিমেটাম দিয়ে বলেছেন, স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য গোপন রাখলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হারমিত ধিলনের ভাষ্যমতে, অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষাগত রেকর্ড পাওয়ার আইনগত অধিকার রাখেন। স্কুল ডিস্ট্রিক্টের বর্তমান নীতি অনুযায়ী, শিক্ষার্থীদের জেন্ডার সংক্রান্ত তথ্য গোপন রাখা ফেডারেল শিক্ষা আইন বা ফারপা (FERPA)-এর পরিপন্থী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আইন মানতে হবে, অন্যথায় আদালতে মুখোমুখি হতে হবে।
অভিযোগ রয়েছে, স্কুল ডিস্ট্রিক্টটি অভিভাবকদের অগোচরে শিক্ষার্থীদের সামাজিকভাবে জেন্ডার পরিবর্তনের সুযোগ দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে সম্মতি না থাকা বা অভিভাবকদের না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। শিক্ষামন্ত্রণালয় ও বিচার বিভাগ যৌথভাবে এই ইস্যুতে তদন্ত করছে।
স্কুল ডিস্ট্রিক্টের বিদ্যমান নীতি অনুযায়ী, শিক্ষার্থীরা অভিভাবকের সম্মতি ছাড়াই তাদের পছন্দের নাম বা প্রোনাউন ব্যবহার করতে পারে। তবে স্কুল কর্তৃপক্ষ বলছে, যদি কোনো শিক্ষার্থীর শারীরিক বা মানসিক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকে, তবেই তারা পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করে।
বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি সাত দিনের মধ্যে স্কুল কর্তৃপক্ষ এই নীতি বাতিল না করে এবং অভিভাবকদের কাছে তথ্য প্রকাশ না করে, তবে তাদের ফেডারেল তহবিল বন্ধসহ আইনি প্রক্রিয়া শুরু করা হবে। এটি ট্রাম্প প্রশাসনের সেই নীতিমালার অংশ, যেখানে অভিভাবকদের অধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।