ঢাকাThursday , 6 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের দাবি

Truth Post
August 5, 2026 12:19 pm
Link Copied!

বাংলাদেশের ঢাকায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিন্যাসের লক্ষ্যে অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। মঙ্গলবার (৪ আগস্ট) আইবিসির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক বাবুল আখতারের সই করা এক চিঠিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এই দাবি জানানো হয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে পোশাক শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং শিল্পের টেকসই উন্নয়নের স্বার্থে এই উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মনে করছে সংগঠনটি।

চিঠিতে বলা হয়েছে, গত কয়েক বছরে খাদ্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম ক্রমাগত বাড়ছে। এতে গার্মেন্টস শ্রমিকদের প্রকৃত আয় কমে যাওয়ায় তাদের পক্ষে মৌলিক চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে পড়েছে। বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী প্রতি তিন বছর অন্তর ন্যূনতম মজুরি পুনর্বিন্যাসের বিধান রয়েছে। এই বিধানের উদ্দেশ্য হলো জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা। আইবিসি মনে করে, সময়মতো পরবর্তী মজুরি পুনর্বিন্যাস প্রক্রিয়া শুরু করতে দ্রুত মজুরি বোর্ড পুনর্গঠন প্রয়োজন।

পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। শিল্পের উৎপাদনশীলতা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে শ্রমিকদের জীবনযাত্রার মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো থাকা অপরিহার্য বলে চিঠিতে উল্লেখ করা হয়। ন্যায্য মজুরি নিশ্চিত করা গেলে দক্ষ জনশক্তি ধরে রাখা সহজ হবে এবং কর্মপরিবেশে স্থিতিশীলতা বজায় থাকবে।

উল্লেখ্য, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের সাথে যুক্ত বাংলাদেশের ১৯টি ফেডারেশনের একটি সমন্বিত প্ল্যাটফর্ম। এর মধ্যে ১৬টি ফেডারেশন সরাসরি গার্মেন্টস শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিয়ে কাজ করে। শ্রমিকদের অধিকার রক্ষায় এবং শিল্পের টেকসই উন্নয়নে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছে আইবিসি।