ইসরায়েলের অন্যতম শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের ফাঁস হওয়া গোপন নথির বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের চেয়ে অনেক গভীর হয়েছে। এই নথির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দুই দেশের সামরিক লেনদেনের বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে।
ফাঁস হওয়া নথি অনুযায়ী, আমিরাত ইসরায়েলের কাছ থেকে জরুরি ভিত্তিতে ছয়টি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন কেনার আগ্রহ প্রকাশ করেছে, যা ইসরায়েলি সেনাবাহিনীতে কোখাভ বা তারা নামে পরিচিত। পরবর্তীতে ড্রোনের সংখ্যা ৪৫টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ১৫টি পূর্ণাঙ্গ সিস্টেমের এই প্রকল্পের সম্ভাব্য মূল্য প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এছাড়া ইয়াসমিন ৩ নামক প্রকল্পে মাত্র তিন মাসে ৬ হাজার গাইডেড কিট তৈরির পরিকল্পনা রয়েছে, যা সাধারণ বোমাকে আরও নির্ভুলভাবে লক্ষ্যভেদী করে তুলবে।
আমিরাতের এই আগ্রহের পেছনে ২০২২ সালের আবুধাবি হামলার প্রভাব রয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর ওই হামলার পর থেকে আমিরাত তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ও দূরপাল্লার নজরদারি ব্যবস্থা বাড়ানোর দিকে বেশি মনোযোগ দেয়। এছাড়া ২০২০ সালের আব্রাহাম চুক্তির পর দুই দেশের কৌশলগত সামরিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সামরিক সহযোগিতার একটি বড় অংশ ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের সঙ্গে সম্পর্কিত। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন এবং উন্নত প্রযুক্তি পাওয়ার ফলে আমিরাতের সামরিক সক্ষমতা যেমন বাড়বে, তেমনি এটি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও উসকে দিতে পারে। সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোও এখন নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করতে পারে।