ঢাকাThursday , 6 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নিউইয়র্কের গির্জায় ভার্জিন মেরির মূর্তি ভাঙচুর, ঘৃণ্য অপরাধ হিসেবে তদন্ত করছে পুলিশ


August 6, 2026 3:00 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লং আইল্যান্ড সিটিতে অবস্থিত সেন্ট রিটা রোমান ক্যাথলিক চার্চের বাইরে ভার্জিন মেরির একটি মূর্তিকে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। এই ধ্বংসযজ্ঞের ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ বিষয়টিকে ঘৃণ্য অপরাধ বা ‘হেট ক্রাইম’ হিসেবে তদন্ত করছে।

ব্রুকলিন ডায়োসিসের দেওয়া তথ্যানুযায়ী, ১ আগস্ট রাত ১টা ৪২ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি বেড়া টপকে গির্জার আঙিনায় প্রবেশ করে। এরপর পকেট থেকে হাতুড়ি বের করে মূর্তির ওপর একের পর এক আঘাত করে সেটিকে বেদি থেকে নিচে ফেলে দেয়। ধ্বংসযজ্ঞ শেষ করে সে পুনরায় বেড়া টপকে পালিয়ে যায়।

গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সাল থেকে সেন্ট রিটা রোমান ক্যাথলিক চার্চে এটি চতুর্থবারের মতো ভাঙচুরের ঘটনা। এর আগে গির্জার ৬০ বছরের পুরোনো স্টেইনড গ্লাস ভেঙে ফেলা, সেন্ট ফ্রান্সিস অফ আসিসির মূর্তি ও ফুটপাতে গ্রাফিতি আঁকা এবং সেন্ট জুডের মূর্তির ক্ষতি করার মতো ঘটনা ঘটেছে।

ব্রুকলিন ডায়োসিসের ডেপুটি প্রেস সেক্রেটারি জন কোয়াগলিওন জানিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ড গির্জার ওপর বারবার আক্রমণের ধারাবাহিকতার অংশ। বর্তমানে নিউইয়র্ক পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শহরে ঘৃণা প্রসূত অপরাধের হার গত বছরের একই সময়ের তুলনায় ৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।