যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গ্রাহকের বাড়িতে পার্সেল ডেলিভারি দেওয়ার সময় সেটি ছুড়ে ফেলার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি ন্যাথান পেকাস নামে এক বাসিন্দার বাড়ির ডোরবেল ক্যামেরায় ধারণ করা হয়েছে। ন্যাথান পেকাস জানিয়েছেন, পার্সেলটি অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান ‘ইউন এক্সপ্রেস’-এর একজন ডেলিভারিম্যান নিয়ে এসেছিলেন।
ভিডিওতে দেখা যায়, ডেলিভারিম্যান বাড়ির সামনে এসে প্যাকেজটি মেঝেতে না রেখে দূর থেকে কংক্রিটের বারান্দায় ছুড়ে মারেন। এরপর তিনি একটি ডিভাইস ব্যবহার করে ডেলিভারির প্রমাণ হিসেবে ছবি তোলেন এবং প্যাকেজটি দরজার সামনে না রেখেই চলে যান। পুরো সময়টাতে ঘরের ভেতর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছিল।
পেকাস জানিয়েছেন, প্যাকেজটির এক কোণ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, হয়তো তীব্র গরমের কারণে ডেলিভারিম্যান আর দুই কদম হেঁটে দরজার সামনে আসতে পারেননি।
অ্যামাজন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই ভিডিওটি তাদের ডেলিভারি অংশীদারদের জন্য নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নয়। কোম্পানিটি জানিয়েছে, তারা পুরো বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। তবে প্যাকেজের ভেতরে থাকা পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কি না বা সংশ্লিষ্ট ডেলিভারিম্যানকে দায়িত্বে রাখা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।