যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউন মিউনিসিপ্যাল বিমানবন্দরে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার পরিচিত সোনালী চুলের পরিবর্তে কিছুটা গাঢ় বাদামী রঙের চুলে দেখা গেছে। নিজের বেডমিনস্টার গলফ ক্লাবে সপ্তাহান্ত কাটানোর জন্য বিমান থেকে নামার সময় তাকে এই নতুন লুকে দেখা যায়। বিষয়টি দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ট্রাম্পের এই পরিবর্তিত রূপ নিয়ে রসিকতা করছেন। কেউ কেউ লিখেছেন, ট্রাম্পের এই নতুন হেয়ার কালার তাদের ধারণার বাইরে ছিল। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে, তিনি আসলেই নতুন কোনো রঙ ব্যবহার করছেন কি না। তবে শনিবার গলফ খেলার সময় ট্রাম্পকে একটি লাল টুপি পরিহিত অবস্থায় দেখা গেছে, যার ফলে তার চুলের রঙ স্থায়ীভাবে পরিবর্তন করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
ডোনাল্ড ট্রাম্প সাধারণত তার উপস্থিতিতে খুব কমই বড় কোনো পরিবর্তন আনেন। কয়েক দিন আগেই তিনি জোর দিয়ে বলেছিলেন যে, তিনি কোনো উইগ ব্যবহার করেন না। ২০২৪ সালের ওহাইও ক্যাম্পেইনের একটি ঝোড়ো রাতের উদাহরণ টেনে তিনি দাবি করেন, উইগ থাকলে তা এতক্ষণে মাথায় থাকত না।
এর আগেও ২০১৯ সালে ভার্জিনিয়ার একটি চার্চ পরিদর্শনের সময় ট্রাম্পের চুলের স্টাইলে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, যা নিয়ে তখন বেশ আলোচনা হয়েছিল। যদিও সে সময় অল্প সময়ের মধ্যেই তিনি তার পরিচিত হেয়ার স্টাইলে ফিরে আসেন। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।