যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক মদ্যপ যাত্রীর বিশৃঙ্খল আচরণের মুখে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছেন মিনিয়াপোলিসের সাবেক পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা। নিউজার্সি থেকে ফোর্ট লডারডেলগামী ফ্লাইটে ৪৫ মিনিট ধরে চলে ওই যাত্রীর দুর্ব্যবহারের পর নিরাপত্তা নিশ্চিত করতে এই হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানান ও’হারা।
নিউয়ার্ক থেকে ফোর্ট লডারডেলগামী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ১৩৬৪-এ এই ঘটনা ঘটে। ও’হারা জানান, ফ্লাইটের একজন যাত্রী অতিরিক্ত মদ্যপানের পর মদ্যপান বন্ধের নির্দেশ পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন। প্রায় ৪৫ মিনিট ধরে বিমানবালাদের সঙ্গে খারাপ ব্যবহার এবং এলোমেলো আচরণের এক পর্যায়ে ওই যাত্রী বিমানবালাদের দিকে তেড়ে আসেন।
সেই মুহূর্তে ও’হারা এবং বিমানে থাকা নিউজার্সির বার্গেন কাউন্টির দুজন শেরিফ ডেপুটি ওই যাত্রীকে পেছন থেকে ধরে ফেলেন। এরপর তারা প্লাস্টিক কাফ ব্যবহার করে তাকে সিটে বসিয়ে রাখেন যাতে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে পারে।
ফ্লাইটটি ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ওই যাত্রীকে হেফাজতে নেয়। ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের ক্রু এবং যাত্রী সবার নিরাপত্তার স্বার্থেই তারা ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়।
ঘটনার সময় ও’হারার স্ত্রী, যিনি নিউয়ার্ক পুলিশ বিভাগের একজন লেফটেন্যান্ট, তার সঙ্গেই ছিলেন। এই ঘটনার পর ও’হারা বলেন, ফ্লাইটের ক্রুরা অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তিনি আরও বলেন, জননিরাপত্তার স্বার্থে এবং সংঘাতপূর্ণ পরিস্থিতিতে নাগরিকদের এগিয়ে আসার মানসিকতা থাকা জরুরি।