ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

জীবনযাত্রার পরিবর্তনে নিয়ন্ত্রণ সম্ভব ডিমেনশিয়ার অর্ধেক ঝুঁকি


August 7, 2026 4:45 pm
Link Copied!

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে যে, বিশ্বব্যাপী ডিমেনশিয়ার প্রায় অর্ধেক ঘটনার পেছনে দায়ী ঝুঁকিগুলো মানুষ চাইলে পরিবর্তন করতে পারে। লুইন্ড বিশ্ববিদ্যালয়ের স্নায়ুরোগ বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সেবাস্টিয়ান পাল্মকভিস্টের নেতৃত্বে এই গবেষণা পরিচালিত হয়, যা ডিমেনশিয়া প্রতিরোধ ও দেরিতে হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন আশার আলো দেখাচ্ছে।

ডিমেনশিয়া কোনো একক রোগ নয়, বরং এটি একাধিক উপসর্গের সমষ্টি। বয়স, লিঙ্গ ও জিনগত কারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকলেও ধূমপান, উচ্চ রক্তচাপ, উচ্চ লিপিড, হৃদরোগ, শ্রবণশক্তি হ্রাস এবং শারীরিক নিষ্ক্রিয়তার মতো বিষয়গুলো পরিবর্তনযোগ্য। এই গবেষণাটির গুরুত্ব হলো, এটি প্রথমবারের মতো আলঝেইমার ও ভাস্কুলার ডিমেনশিয়ার মতো সাধারণ রোগের সঙ্গে নির্দিষ্ট ঝুঁকিগুলোর সরাসরি সম্পর্ক চিহ্নিত করেছে।

গবেষণায় গড়ে ৬৫ বছর বয়সী প্রায় ৫০০ জন অংশগ্রহণকারীকে চার বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। বিজ্ঞানীরা তাদের মস্তিষ্কের শ্বেত পদার্থ (হোয়াইট ম্যাটার), যা ভাস্কুলার ডিমেনশিয়ায় ক্ষতিগ্রস্ত হয় এবং আলঝেইমারের জন্য দায়ী অ্যামাইলয়েড বিটা ও টাউ প্রোটিনের মাত্রা পরীক্ষা করেছেন।

ফলাফলে দেখা যায়, ধূমপান, হৃদরোগ, উচ্চ লিপিড ও উচ্চ রক্তচাপ মস্তিষ্কের রক্তনালির ক্ষতি করে এবং শ্বেত পদার্থের পরিবর্তন ত্বরান্বিত করে। গবেষক ইজাবেল গ্ল্যানস জানিয়েছেন, এই ভাস্কুলার ক্ষতিই চূড়ান্ত পর্যায়ে ডিমেনশিয়ার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া ডায়াবেটিস এবং ওজনের স্বল্পতার সঙ্গেও প্রোটিন জমার সম্পর্ক পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং বিপাকীয় স্বাস্থ্যের উন্নতির মাধ্যমে মস্তিষ্কের এই সম্মিলিত ক্ষতি কমানো সম্ভব। অনেকের ক্ষেত্রে আলঝেইমার ও ভাস্কুলার জটিলতা একসঙ্গে থাকে, তাই রক্তচাপ ও জীবনযাত্রার নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া সব ধরনের ডিমেনশিয়া মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।