যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত স্যামসাং আনপ্যাকড ইভেন্টে নতুন গ্যালাক্সি জেড ফ্লিপ ৮ উন্মোচনের পর স্মার্টফোনটির সুরক্ষায় সেরা কেসগুলোর তালিকা প্রকাশ করেছে জেডডিনেট। গ্যালাক্সি জেড ফ্লিপ ৮ আগের চেয়ে পাতলা ও হালকা হওয়ায় এবং এতে বড় ব্যাটারি যুক্ত থাকায় এটি সুরক্ষায় মানসম্মত কেস ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
জেডডিনেটের তথ্যমতে, যারা স্থায়িত্ব ও সাশ্রয়ী মূল্যের সমন্বয় খুঁজছেন, তাদের জন্য স্পিজেন আল্ট্রা হাইব্রিড প্রো ম্যাগফিট (Spigen Ultra Hybrid Pro MagFit) সেরা পছন্দ। এতে থাকা স্প্রিং হিঞ্জ ফোনটিকে সুরক্ষিত রাখে। যারা রিং সুবিধা সম্বলিত কেস পছন্দ করেন, তাদের জন্য স্যামসাংয়ের নিজস্ব সিলিকন রিং ম্যাগনেট কেসটি উপযোগী।
স্বল্প ওজনের বা মিনিমালিস্ট ডিজাইনের কেস হিসেবে পিটাকা (Pitaka) ব্র্যান্ডের অ্যারোস্পেস-গ্রেড অ্যারামিড ফাইবার কেস সুপারিশ করা হয়েছে। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্য টরাস ওস্ট্যান্ড ও৩ হিউ (Torras Ostand O3 Hue) কেসটি বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যার রিং স্ট্যান্ড ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। অন্যদিকে, যারা শৈল্পিক বা ভিন্নধর্মী ডিজাইনের কেস খোঁজেন, তাদের জন্য কেসটিফাইয়ের (Casetify) ইমপ্যাক্ট ম্যাগনেটিক কেস তালিকায় স্থান পেয়েছে।
কেস বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতাদের আকার, স্টাইল, স্থায়িত্ব এবং দামের মতো বিষয়গুলো বিবেচনা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জেডডিনেটের মতে, গ্যালাক্সি জেড ফ্লিপ ৮-এর জন্য আলাদাভাবে তৈরি কেসই ব্যবহার করা উচিত, কারণ পুরনো মডেলের সাথে এর কাঠামোগত কিছুটা ভিন্নতা রয়েছে।