যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি বিবেচনায় রেখেছেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। ‘দ্য ক্যাটস রাউন্ডটেবল’ অনুষ্ঠানে উপস্থাপক জন ক্যাটসিমাটিডিসের প্রশ্নের জবাবে হান্টার বাইডেন জানান, জনগণের সমর্থন পেলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবতে পারেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থীদের বিষয়েও কথা বলেছেন হান্টার বাইডেন। তিনি মনে করেন, দলটিতে প্রেসিডেন্ট হওয়ার মতো একাধিক যোগ্য নেতা রয়েছেন। এর মধ্যে কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার ও ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকারের নাম উল্লেখ করেছেন তিনি। এছাড়া ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকেও ব্যক্তিগতভাবে পছন্দ করেন বলে জানান বাইডেনপুত্র।
এর আগে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি হোয়াইট হাউজের দৌড়ে নামার বিষয়টি গুরুত্বসহকারে ভাবছেন। ডেমোক্র্যাট শিবিরের সম্ভাব্য অন্যান্য আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন জর্জিয়া সিনেটর জন অসফ, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, নিউইয়র্কের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগিগ।
সাক্ষাৎকারে হান্টার বাইডেন জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট যিনিই হোন না কেন, তাকে অবশ্যই আইনের শাসন এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। একই সঙ্গে সাধারণ আমেরিকানদের প্রত্যাশা পূরণে তাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সম্প্রতি মাদকাসক্তির সমস্যা নিয়ে খোলামেলা কথা বলেছেন হান্টার বাইডেন। তিনি জানান, বর্তমানে মাদকমুক্ত জীবনযাপনের সাড়ে সাত বছর পূর্ণ করেছেন তিনি। নিজের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আসক্তির সমস্যায় ভোগা পাঁচ কোটি আমেরিকানদের নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন।