যুক্তরাষ্ট্রের বোস্টনে বসবাসরত চীনা দার্শনিক ইয়াং ঝুগে সম্প্রতি হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে একটি সাক্ষাৎকারের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি নোলানকে গ্রিক দর্শনের খ্রিস্টানায়ন এবং চলচ্চিত্রে নায়কের উপস্থাপন নিয়ে গভীর দার্শনিক প্রশ্ন করেন। তার করা ‘আর ইউ আ বার্ড ফর আ সিভিলাইজেশন অ্যাট ডাস্ক?’ প্রশ্নটি ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলে, যা তাকে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করে। বর্তমানে বোস্টন কলেজের পিএইচডি প্রার্থী ঝুগে এই বিষয়টিকে নিজের জীবনের এক নতুন মোড় হিসেবে দেখছেন।
ঝুগে মূলত চীনে একজন জনপ্রিয় বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। সেখানে তার একটি পডকাস্ট রয়েছে যার অনুসারীর সংখ্যা কয়েক লাখ। নোলানের সঙ্গে সাক্ষাৎকারের ভিডিওটি ইন্টারনেটে কয়েক কোটিবার দেখা হয়েছে। অনেকে তার এই গভীর জ্ঞানসম্পন্ন সাক্ষাৎকারের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ একে নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছেন। ন্যাশনাল রিভিউ-এর মতো গণমাধ্যম এই সাক্ষাৎকারকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনা করেছে।
নিজের এই হঠাৎ খ্যাতির বিষয়ে ঝুগে জানান, ব্যক্তিগত জীবনের কঠিন সময় পার করার পর তিনি দর্শনের দিকে মনোযোগ দেন। তিনি বলেন, তার লক্ষ্য কোনো রাজনৈতিক মোড়ক নয়, বরং চিন্তাশীল জীবন যাপন করা। পশ্চিমা বিশ্বে তার এই সাক্ষাৎকার নিয়ে যে তোলপাড় চলছে, সে সম্পর্কে তিনি বলেন, সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে ব্যাখ্যা করছে, যা বর্তমান সময়ের মেরুকৃত অনলাইন সংস্কৃতিরই একটি অংশ।
ঝুগে বর্তমানে বোস্টন কলেজে অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি নিয়মিত পডকাস্ট পরিচালনা করছেন। তবে এই আকস্মিক জনপ্রিয়তা এবং অনলাইন ট্রলিং তাকে বিচলিত করেছে বলে তিনি জানিয়েছেন। সম্প্রতি নিজের পডকাস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মানুষ এখন যুক্তির চেয়ে ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় নিয়ে বেশি অনুসন্ধান করছে, যা অত্যন্ত দুঃখজনক।