ভারতের আসামে ভয়াবহ বন্যায় গৃহহীন হয়ে পড়া ৫০০ পরিবারের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। নিজের সংস্থা বিইং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এসব ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা দুর্গত মানুষের সহায়তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সালমান খানের সংস্থা আগে থেকেই বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। এবার দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের স্থায়ী আবাসন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
মিড-ডের প্রতিবেদন অনুযায়ী, বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা নেপালি খুটি গ্রামে ইতোমধ্যে ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘর এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হচ্ছে। একটি ঘর নির্মাণে ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি খরচ হচ্ছে।
পর্যায়ক্রমে বাকি ঘরগুলোর নির্মাণকাজ সম্পন্ন করে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। দুর্গতদের পাশে দাঁড়ানো মানুষের দায়িত্ব উল্লেখ করে সালমান খান সামর্থ্যবান সবাইকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।