পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দেশটির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ফিলিস্তিন ইস্যু ও আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিতেই তিনি এই আহ্বান জানিয়েছেন।
সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ইসরায়েলের বিষয়ে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি ১৯১৭ সালের বেলফোর ঘোষণার প্রসঙ্গ টেনে ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে অভিহিত করেন। তার ভাষ্যমতে, এই রাষ্ট্রটি এই অঞ্চলের যেকোনো দেশের জন্য প্রত্যক্ষ হুমকি হয়ে উঠতে পারে।
এর আগে খাজা আসিফ ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ ও অশুভ শক্তি হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি মনে করেন, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি বা নেতৃত্বের পরিবর্তন হলেও তাদের ইসলাম-বিরোধী মানসিকতা বা ফিলিস্তিনিদের প্রতি দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হবে না।
তিনি অভিযোগ করেন, ইসরায়েল মুসলিম দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে উসকে দিচ্ছে। তাই ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ইসলামিক বিশ্বকে তাদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। উল্লেখ্য, এই বক্তব্যের একদিন আগেই পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।