যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই’র কঠোর অভিযানের জেরে স্থানীয় অর্থনীতিতে ১২৬ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে। ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগোর গবেষকরা জানিয়েছেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দেশজুড়ে শুরু হওয়া অভিবাসনবিরোধী অভিযানের ফলে সৃষ্ট আতঙ্ক এবং ভীতি থেকে সাধারণ মানুষ বাইরে বের হওয়া কমিয়ে দিয়েছিল, যা শহরের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।
গবেষণার তথ্য অনুযায়ী, শিকাগোর কুক কাউন্টিতে অভিবাসী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে স্বাভাবিক যোগাযোগ ছিল, তা অভিযানের গুজবের কারণে তাৎক্ষণিকভাবে কমে যায়। এর ফলে নন-ইমিগ্র্যান্ট এলাকার খুচরা দোকানগুলোতে ৯ শতাংশ এবং রেস্তোরাঁগুলোতে ১০ শতাংশ গ্রাহক হ্রাস পায়। এই পরিস্থিতি প্রায় এক বছর ধরে অব্যাহত ছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
গবেষণাটির অন্যতম লেখক অধ্যাপক ম্যাট উইলসন জানিয়েছেন, এর ফলে ইলিনয় অঙ্গরাজ্যের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি ৭০ লাখ ডলার। তিনি বলেন, অভিবাসী জনগোষ্ঠী এবং স্থানীয় অর্থনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত, ফলে অভিযানের আতঙ্ক শুধু অভিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো ব্যবসায়িক খাতের ওপর বড় ধরনের ধাক্কা দিয়েছে।
এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এই অভিযানের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, অপরাধীদের সরানোর মাধ্যমে শহরকে নিরাপদ করা হচ্ছে। তবে আইসিই’র নিজস্ব পরিসংখ্যান বলছে, বর্তমানে আটক ব্যক্তিদের প্রায় ৭০ শতাংশেরই কোনো অপরাধের রেকর্ড নেই। শিকাগোর পাশাপাশি মিনিয়াপোলিস শহরেও আইসিই অভিযানের ফলে প্রায় ৭০ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতির তথ্য পাওয়া গেছে।